
নিউজ ডেস্কঃ চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে ৫ দশমিক ২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘স্ট্রং স্ট্রাকচার রিফর্ম ক্যান হেল্প বাংলাদেশ সাসটেইন গ্রোথ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বার্নার্ড হ্যাভেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক, বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রমুখ। বিশ্বব্যাংক বলছে, মূল্যস্ফীতির চাপে ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হবে না। কমবে ১ দশমিক ৫ শতাংশ।
সংবাদ সম্মেলনে হ্যাভেন বলেন, অভ্যন্তরীণ অবস্থার কিছুটা উন্নতি হবে এবং সংস্কার বাস্তবায়নে গতি আসবে। তারপরও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কঠোর আর্থিক অবস্থা, আমদানির ওপর বিধিনিষেধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি চলতি বছরে কমবে।তিনি বলেন, পরবর্তী অর্থবছর ২০২৩-২৪ এ প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ২ শতাংশ হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা বিশ্বের দেশগুলোকে প্রভাবিত করেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে বাংলাদেশে কাঠামোগত সংস্কারের যে উদ্যোগ শুরু হয়েছে, তাতে প্রবৃদ্ধি ধরে রাখায় পাশে থাকবে বিশ্বব্যাংক।