
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছে অন্তত সাতজন। সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামের মসির উদ্দিনের ছেলে তারা মিয়া (৪০) ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কাকলি বেগম (৩৫)। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে।
বাসের যাত্রী রবিউল ইসলাম জানান, মহাখালী থেকে রাত ১০টার দিকে মাদারগঞ্জ স্পেশাল এক্সপ্রেস নামে বাসটি প্রায় ৩০/৪০ জন যাত্রী নিয়ে মাদারগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে আশুলিয়া বাইপাইল টিকিট কাউন্টারে এসে বাসটি বিরতি নেয়। এ সময় ওই কাউন্টার থেকে ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল টিকিট কেটে গাড়িতে ওঠে। বাসটি মধুপুরের দেউলাবাড়ি এসে পৌঁছালে ডাকাতদল মুখে মাস্ক পড়ে বাসের চালক ও হেলপারদের জিম্মি করে যাত্রীদের এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জামালপুর সদরের যাত্রী তারা মিয়া (৪০) টাকা বের করতে অস্বীকৃতি জানালে তার পেটে ছুড়ি দিয়ে আঘাত করে। ধারালো ছুড়ির আঘাতে তার ভুঁড়ি বেরিয়ে পড়ে।