
নিউজ ডেস্কঃ বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী এলাকায় যানজট ছড়িয়ে পড়ছে। বন্ধ হয়ে গেছে বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়ক। যার কারণেই সকাল থেকেই যানজটের সম্মুখীন হয়েছেন অফিসমুখী মানুষরা। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার ও আশপাশের এলাকায় এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, এ যানজট ছড়িয়ে পড়েছে হাইকোর্ট মোড়, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান মোড়েও।
বঙ্গবাজার রুটে চলাচল করা ঠিকানা, মৌমিতাসহ একাধিক পরিবহন রুট পরিবর্তন করেছে। গুলিস্তান থেকে এসব গাড়ি মৎস্য ভবন দিয়ে ঢুকছে। অতিরিক্ত গাড়ির চাপে এ এলাকার যানজট বেড়েছে। ঠিকানা পরিবহনের হেলপার আলম হোসেন বলেন, বঙ্গবাজারে আগুন লাগায় আমরা মৎস্য ভবন দিয়ে যাচ্ছি।