
নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিন মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আদালতে নেয়া হচ্ছে।সোমবার (৩ এপ্রিল) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে উভয়পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।
জামিন শুনানিতে শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বলেন, ‘সাভার স্মৃতিশোধ এলাকায় ফুল বিক্রেতা এমন ১২/১৩ জনের বক্তব্য আর একজন দিনমজুরের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ মামলার অভিযোগ কোনো ভাবেই সত্য না। হয়রানির উদ্দেশ্যে এ মামলাটি করা হয়েছে। মামলা না করে প্রেস কাউন্সিলে অভিযোগ দেয়া যেতে পারত। কারাগারে আটক শামসুজ্জামানের জামিন প্রার্থনা করছি।’ এদিকে জামিনের বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু শুনানিতে বলেন, ‘যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব কাজ করছে। এ মামলার বিষয়বস্তু অনুযায়ী আসামি অপরাধ করেছে। এ মামলায় আসামির জামিনের বিরোধিতা করছি।’