
নিউজ ডেস্কঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২ এপ্রিল) সচিবালয়ে সাক্ষাৎকালে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, নাটেশ্বর ও পানাম সিটি সংস্কার-সংরক্ষণ, বঙ্গবন্ধু অপেরা হাউজ নির্মাণে সহযোগিতাসহ সাংস্কৃতিক অবকাঠামো খাতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
চীনের রাষ্ট্রদূত বলেন, সংস্কৃতি দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের অন্যতম ভিত্তি। কোভিডের কারণে বিগত ২-৩ বছর যাবৎ সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম জোরদারকরণের আহ্বান জানান চীনের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ২০২২ সালের ০৭ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকালীন সময়ে দুই দেশের মধ্যে ২০২৩-২০২৭ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রীকে আগামী ২৪-২৬ এপ্রিল মেয়াদে এশিয়া মহাদেশের ৩০টি দেশের অংশগ্রহণে চীনের শিয়াংয়ে অনুষ্ঠেয় আসন্ন ‘অ্যালায়েন্স ফর কালচারাল হেরিটেজ ইন এশিয়া’ শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূত এ সময় ২০২১ সালের ২৭-২৮ অক্টোবর মেয়াদে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান ডায়ালগ ফর কালচারাল হেরিটেজ কনসারভেশন শীর্ষক কনফারেন্সে বাংলাদেশের ভার্চ্যুয়ালি অংশগ্রহণের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।