
নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনমতের প্রকাশ ঠেকাতে চায়। সংবাদপত্রের স্বাধীনতাকে দমন করতে ১৪ বছর ধরে তারা একই কায়দায় সাংবাদিকদের ওপর আক্রমণ করছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিচ্ছে।
আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বৈঠকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের নিন্দা করা হয়েছে। এ আইন ব্যবহার করে সংবাদপত্রের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিতে সবাই একমত।