
স্পোর্টস ডেস্কঃ মার্চের ৩১ তারিখ থেকে শুরু হয়েছে আইপিএলের ষোড়শ আসর। চলতি আসরে খেলতে যাওয়ার কথা বাংলাদেশের তিন ক্রিকেটারের। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কারণে সাকিব আল হাসান ও লিটন দাসকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নামিদামি খেলোয়াড়দের নিয়ে আয়োজিত বিশ্বের সবচেয়ে নামকরা ক্রিকেট লিগ আইপিএল ঘিরে আগ্রহ থাকে সব দেশেরই। তাই আইপিএলে খেলতে যেতে খুব একটা অনাগ্রহ দেখায় না শক্তিশালী ক্রিকেট বোর্ডগুলো। ব্যতিক্রম শুধু বিসিবি। প্রতিবছরই আইপিএলের এনওসি নিয়ে রীতিমতো যুদ্ধের ময়দানে নামতে হয় খেলোয়াড়দের।
কয়েক দিন ধরেও চলছে সে রকমই এক যুদ্ধ। আইপিএল খেলতে এনওসি চেয়েও পাননি সাকিব -তামিম। আয়ারল্যান্ডের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে সাকিবদের খেলাতে আইপিএলে না পাঠানোর সিদ্ধান্তে নাখোশ অনেকেই। তাই বাংলাদেশের ক্রিকেট আঙিনায় বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় এটি। টেস্ট ক্রিকেটে কেবলই পা রেখেছে আয়ারল্যান্ড। সবে খেলেছে মাত্র তিন টেস্ট। এমন দলের বিপক্ষে ঘরের মাঠে সাকিব-তামিমকে কেন এত প্রয়োজন সেটার স্পষ্ট ব্যাখ্যা এখন পর্যন্ত কেউই দেননি। এবার সে বিষয়ে মুখ খুললেন সাবেক টাইগার ক্রিকেটার এবং নির্বাচক আব্দুর রাজ্জাক।