
বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করায় চিত্রনায়ক জায়েদ খানের সদস্য পদ স্থগিত করা হয়েছে।পাশাপাশি পরবর্তীতে উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হবে। রোববার (২ এপ্রিল) শিল্পী সমিতির নবম বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যরা চিত্রনায়ক জায়েদ খানের সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছেন। আজই শিল্পী সমিতিতে এসে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিল্পীদের দাবি, দায়িত্বে থাকা অবস্থায় নানা অন্যায় ও অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন জায়েদ খান। অন্যায়ভাবে শিল্পী সমিতির ১৮৪ জন শিল্পীকে সদস্য পদ থেকে বাতিলও করেন তিনি। বিক্ষোভে শিল্পীরা আরও জানান, শুধু তাই নয়, চলচ্চিত্র শিল্পী সমিতি বিএফডিসি. নিয়েও নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন জায়েদ। তাই টাকা আত্মসাৎ করাসহ অসদুপায় অবলম্বন এবং দুর্নীতির কারণে তার সদস্য পদ বাতিল হওয়া উচিত। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন জায়েদ খান। ভোটারদের রায় মেনে নেননি নিপুণ। আপিল করেন আপিল বোর্ডে। পাশাপাশি জায়েদ খানের নামে বিভিন্ন অভিযোগ করেন। তার মধ্যে অন্যতম–‘নোট’ দিয়ে ভোট কিনেছেন জায়েদ খান।