
নিউজ ডেস্কঃ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। তারা আবারো ক্ষমতায় আসলে শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের মত জঙ্গিবাদের উত্থান হবে। খালেদা জিয়ার সরকার শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে একসাথে ১৩টি গ্রেনেড নিক্ষেপ করেছে। অগ্নিসন্ত্রাসীরা আবার যাতে কোনো অবস্থায় বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (১ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ, রোগীদের চেক, শিক্ষার্থীদের পিসি ও উপকারভোগীদের কার্ড ও খাদ্যশস্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিচ্ছেন। ট্যাব বিতরণের মাধ্যমে বর্তমান প্রজন্ম স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।