
নিউজ ডেস্কঃ নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (০১ এপ্রিল) দুপুরে শহরের আলাইপুরস্থ হাফরাস্তা এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে প্রায় আধা ঘণ্টাব্যাপী ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটে।
ঘটনার সময় মারধর ও ইটের আঘাতে কাফুরিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, যুবদল নেতা রনি ব্যাপারী গুরুতর আহত হন। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে শরিফুল ইসলাম শরিফ ও রনি ব্যাপারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।