
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত নেদারল্যান্ডস। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া শুক্রবার ডাচ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রদূত জিওফ্রে ভ্যান লিউয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে রাষ্ট্রদূত লিউয়েন বলেন, ডাচ সরকার বাংলাদেশ সরকারের সাথে পানি সংক্রান্ত খাত ছাড়াও অন্যান্য খাতে সহযোগিতা আরও দৃঢ় করতে প্রস্তুত। শনিবার (এপ্রিল ০১) নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সভায় মুখ্য সচিবের সঙ্গে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। মুখ্য সচিব উদার সমাজ বিনির্মাণে নারীদের অগ্রগতি এবং বাংলাদেশে কার্যকরী গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার সম্পর্কে ডাচ পক্ষকে অবহিত করেন। এছাড়া, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন এবং মিয়ানমারে সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য ডাচদের সমর্থনেরও অনুরোধ করেন।