
নিউজ ডেস্কঃ অবিলম্বে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকার গণমাধ্যমের গলা টিপে ধরতে চায়। শনিবার (০১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, র্যাব হেফাজতে সুলতানা জেসমিন হত্যার বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি।
সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, বর্তমান সরকারের অবাধ দুর্নীতি-লুটপাটের ফলে আর কাছের ভাই-ব্রাদারদের সিন্ডিকেটের কারণে দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন জ্বলছে। মানুষ আজ ভাত-মাছ-মাংসের স্বাধীনতা চায়। এই কথায় যখন প্রথম আলো প্রকাশ করলো তখন সেই প্রতিবেদককে রাতের আঁধারে কীভাবে তুলে আনা হলো, আমাদের ভাত-মাছ-মাংসের স্বাধীনতা নাই, এমনকি এটা বলার স্বাধীনতাও আমাদের নাই।