
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, মহান স্বাধীনতা দিবসের সঙ্গে আমাদের আবেগ অনুভূতি জড়িয়ে আছে। সে স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসকে নিয়ে কটাক্ষ করে মিথ্যা বক্তব্য দিয়ে সংবাদ ছাপানো চরম অপরাধমূলক কর্মকাণ্ড। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটা একটি ষড়যন্ত্র। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যোক্তিক।
তিনি আরও বলেন, আমাদের মূল জায়গা স্বাধীনতা, স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। জনগণও সেটাই প্রত্যাশা করে। আর এতে যাদের মনে আঘাত লাগছে, বুঝতে হবে তারাও এ ষড়যন্ত্রের অংশীদার। সংবাদটি সরিয়ে দিয়ে এটা যে ষড়যন্ত্র তা প্রমাণ করেছে ‘প্রথম আলো’। ওই বাচ্চা তো ওইসব কথা বলেনি, পরে টিভির সাক্ষাৎকারে সে বলেছে।শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়ার সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।