
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মান সব ক্ষেত্রে, সব পর্যায়ে বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। তিনি বলেন, সেখানে যেমন যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি হয়েছে এবং অবকাঠামো উন্নয়নও হচ্ছে। অবকাঠামোতে টেকসই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। শিক্ষার্থীদের সহশিক্ষা পাঠক্রমে যুক্ত করার মাধ্যমে আমরা বিশ্বমান অর্জন করতে চাই। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আশা করছি এই শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হবে। এখানে শিক্ষার মান আরও উন্নত হবে। কারণ শিক্ষার্থীদের জন্য খুবই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একাডেমিক ভবনগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা আছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের চাঁদপুরে এবং পুরো দেশেই শিক্ষার মান উন্নত হচ্ছে। বিদ্যালয়ে উপস্থিত হলে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন প্রধান শিক্ষক মো. গোফরানসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা।