
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। কারণ আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা একই দিনে ৫০০ জায়গায় বোমা দেখতে চাই না, শেখ হাসিনা যেমন একই দিনে ১০০টি ব্রিজ, ১০০টি সড়ক উদ্বোধন করছেন, আমরা তা দেখতে চাই। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা চাই না, সরকারের উচ্চ পর্যায়ে যারা থাকে, তারা এতিমের অর্থ আত্মসাৎ করুক। সেজন্য বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বর্তমান সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা আমাদের দরকার। আজ আমরা যে অবস্থায় আছি, আগামী দিনে আমরা আরও ভালো অবস্থায় থাকব, যদি এ সরকারের ধারাবাহিকতা থাকে। এ ধারাবহিকতা থাকবে। বঙ্গবন্ধুকন্যাকে মানুষ কেন বার বার ভোট দিয়ে নির্বাচিত করছে, তার কারণ মানুষ সুখে ও শান্তিতে আছে এবং আগের তুলনায় অনেক ভালো আছে।