
নিউজ ডেস্কঃ প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে গভীর রাতে তুলে নেওয়ার ৩০ ঘণ্টা পর ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এই ঘটনা একজন সাংবাদিক, দেশের একজন নাগরিকের জীবনের নিরাপত্তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে। পাশাপাশি গণমাধ্যমকে নিয়ন্ত্রণের এবং প্রয়োজনে শায়েস্তা করার ভয়ঙ্কর উদাহরণ তৈরি করেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থেকে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে টিআইবি।
সাংবাদিক শামসুজ্জামানকে দৃশ্যত অবৈধভাবে তুলে নিয়ে যাওয়ার ৩০ ঘণ্টা পর তাকে আদালতে উপস্থাপন এবং মাঝের সময়টিতে নিখোঁজ থাকার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংবাদকর্মী হিসেবে তো বটেই, একজন নাগরিক হিসেবেও শামসের সাংবিধানিক অধিকারের মারাত্মক লঙ্ঘন করা হয়েছে। কেননা বিদ্যমান আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে যদি আইনগতভাবে আটক করা হয়, আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থাপন করার যে বাধ্যবাধকতা রয়েছে, আইন-শৃঙ্খলাবাহিনী তা করতে পরিষ্কারভাবে ব্যর্থ হয়েছে। এমনকি, যে মামলায় আটক দেখিয়ে তাকে আদালতে তোলা হয়েছে, সেটিও দায়ের করা হয়েছে তুলে নেয়ার ২০ ঘণ্টারও পরে।’