
নিউজ ডেস্কঃ ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টে ২ বাংলাদেশি যাত্রীকে তল্লাশি করে বিভিন্ন দেশের বিপুল মুদ্রাসহ আটক করা হয়েছে। আজ দুপুরে কাস্টমসের শুল্ক গোয়েন্দা শাখার সদস্যরা তাদের আটক করে ।
আটকরা হলেন, ঢাকার কাপ্তানবাজার এলাকার পশ্চিম সূত্রাপুরের ওসমান গনির ছেলে মোকলেসুর রহমান (পাসপোর্ট নম্বর এএফ-০৭২৯১০৯) ও খিলগাঁওয়ের ১৩-১ পশ্চিম নন্দীপাড়া বাজার মসজিদ রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (পাসপোর্ট নম্বর এএফ-০৯২৩৬৯৭) ।
কাস্টমস কর্মকর্তারা সূত্রে জানা গেছে, ওই ২ যাত্রী বেনাপোল পৌঁছে ইমিগ্রেশন ও কাস্টমসে তাদের পাসপোর্টের কাজ শেষ করে ভারতে প্রবেশের অপেক্ষায় ভারত-বাংলাদেশ নোম্যান্সল্যান্ডের লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গোপনে সংবাদ পেয়ে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাদের ২জনকে আটক করে ।
পরে তাদের দেহ তল্লাশি করে খাইরুল ইসলামের কাছ থেকে ১১ লাখ ৫৬ হাজার টাকা সমমানের কুয়েতি দিনার ও ২০০ মার্কিন ডলার এবং মোকলেসুর রহমানের কাছ থেকে ৪ লাখ ৯৬ হাজার ৩০০ টাকা সমমানের বাহরাইনের ১ হাজার ৯২৫ দিনার, আফ্রিকা একটি দেশের ৩ হাজার মুদ্রা, ৩৮০ কুয়েতি দিনার, ৯২ ভারতীয় রুপি ও বাংলাদেশি ২ হাজার ৫৫০ টাকা পাওয়া যায় ।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম রসুল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ২জনের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থার নেওয়া জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে ।