
নিউজ ডেস্কঃ দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালতে সর্বশেষ সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার।
আরাভ খান পলাতক থাকায় তার পক্ষে জেরা করা হয়নি। এরপর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে আগামী ১৩ এপ্রিল আসামির আত্মপক্ষ সমর্থন শুনানির দিন ধার্য করেছেন আদালত। আরাভ খান পলাতক থাকায় আসামির আত্মপক্ষ শুনানির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম সালাউদ্দিন বলেন, এটা একটা প্রক্রিয়া। শেষ সময়ে এসেও যদি আসামি আত্মসমর্পণ করেন সেজন্য সুযোগ রাখতে হয়। আমরাও আশা করছি, রবিউলও আত্মসমর্পণ করবেন। এজন্য ১৩ এপ্রিল আসামির ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন সমর্থনে বক্তব্য প্রদানের জন্য দিন রাখা হয়েছে। এ মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের এ আইনজীবীর আশা করছেন, আরাভ খানের সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড হবে।