
নিউজ ডেস্কঃ পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় সিফাত (১৪) ও সৈকত (১৪) নামে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোরে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রাম থেকে একজনকে ও কালাইয়া বন্দর থেকে অপরজনকে গ্রেফতার করা হয়।এর আগে গত বুধবার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ইন্দ্রকুল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মো. নাফিজ মোস্তফা আনসারী (১৫) ও মো. মারুফ হোসেনকে (১৫) পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এক দল কিশোর। নিহত দুই ছাত্র ইন্দ্রকুল এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহত নাফিসের মা নার্গিস বেগম বাদী হয়ে বাউফল থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।