
নিউজ ডেস্কঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের মধ্যে রিসার্চ অ্যান্ড কোলাবরেশন চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) ইউআইইউ ক্যাম্পাসে এ চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মিসেস সারা যাকের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। ইউআইইউ এর উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক ও সাবেক উপাচার্য প্রফেসর ড. এম রিজওয়ান খান, রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের গবেষণা ও গ্রন্থাগারের প্রধান ড. রেজিনা বেগম। এ সমঝোতা চুক্তি অনুযায়ী ইউআইইউ এবং মুক্তিযুদ্ধ জাদুঘর যৌথভাবে গবেষণা সহযোগিতার মাধ্যমে গবেষণা উন্নয়নে কাজ করাসহ বিভিন্ন গবেষণায় যৌথভাবে গবেষণা অনুদান দেবে। এ চুক্তি একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।