
নিউজ ডেস্কঃ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে এখন পেট্রোল বোমাবাজি, হত্যা, গুমের রাজনীতি বন্ধ করা সম্ভব হয়েছে। সাধারণ নাগরিক আজ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ক্ষেত্রবিশেষে বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন।
গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণ, ১৫টাকায় চাল, সন্তানের অভিভাবক হিসেবে বাবার পাশাপাশি মায়ের নাম সংযুক্ত করে মায়েদের অধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাবা-মা, ছোট ভাই রাসেলসহ স্বজন হারানোর দুঃখ ভুলে দিন-রাত এক করে এই দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই দেশের মানুষের স্বার্থ রক্ষায়, সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে মানবতার নেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
নগরীর এক্সেস রোড আবদুল্লা কনভেনশন হলে বুধবার (২২ মার্চ) বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।মাহে রমজান উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কর্মসূচির প্রথম দিনে ১২শ দরিদ্র-অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।