
নিউজ ডেস্কঃ বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ওরা স্বপ্ন দেখে আবার এক/এগারো সরকার কায়েম করবে। এক/এগারো সরকার বাংলার একটি মানুষ জীবিত থাকতে আর কায়েম হতে দেওয়া হবে না। সোমবার (২০ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুব মহিলা লীগের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, আসলে তারা (বিএনপি) দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা বাংলাদেশের অকল্পনীয় উন্নয়নকে মেনে নিতে পারছে না। মিথ্যার বেসাতি ছাড়া বিএনপির কাছে আর কোনো কিছু নেই। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা শত্রু-মিত্রের তালিকা করতে পারিনি বলে শত্রু সেদিন ঘাপটি মেরে বসেছিল। আমরা মোশতাক-জিয়াদের তালিকা করে কবর রচনা করতে পারিনি বলেই সেদিন মোশতাক-জিয়ারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।