
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১১৫ ভূমি ও গৃহহীন পরিবার। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৭টি, পাকুন্দিয়ায় ২২টি, ভৈরবে ৪৩টি ও অষ্টগ্রাম উপজেলায় ৩৩টি ঘরসহ মোট ১১৫টি ঘর বিতরণ করা হবে। আগামী বুধবার (২২ মার্চ) এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চারটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।
ডিসি জানান, কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, ভৈরব ও অষ্টগ্রামসহ এই চারটি উপজেলায় ৫৬০টি পরিবার ভূমি ও গৃহহীন রয়েছেন। ইতোমধ্যে ৪৪৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১৩টি উপজেলায় দুই হাজার ৭৫৮টি ভূমি ও গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় এক হাজার ৯২০টি পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেওয়া হয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ব্যারাক হাউজ নির্মাণের মাধ্যমে ইটনা উপজেলার আড়ালিয়া ও মজলিশপুর আশ্রায়ণ প্রকল্পে ২৭০টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। চতুর্থ পর্যায়ে বরাদ্দ পাওয়া ৫৬৩টি ঘরের মধ্যে ২৯১টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আর অবশিষ্ট ২৭২টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।