
বিনোদন ডেস্কঃ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে কোনো মামলা নেয়নি ডিএমপির গুলশান থানা পুলিশ। উল্টো দেশ থেকে পালিয়ে যেতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা সহযোগিতা করছে বলে মনে করছেন চিত্রনায়ক শাকিব খান। রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন ঢালিউড সুপারস্টার।
শাকিব খান বলেন, রহমত উল্লাহ প্রযোজক না, তার সঙ্গে আমার কিংবা পরিচালকের কোনো চুক্তি নেই। এতো বছর পর প্রতারক রহমত উল্লাহ যে অভিযোগটা নিয়ে এলেন তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমার লিগ্যাল টিম সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, শনিবার রাতে গুলশান থানা আমাদের মামলা নেয়নি, গড়িমসি করেছে। আমি একজন সাধারণ নাগরিক হয়ে থানায় গিয়েছি, মামলা করতে পারব না এটা আশ্চর্যজনক মনে হয়েছে। আমি গতকাল রাত থেকে শুনতে পারি যে এই প্রতারক দেশ ছেড়ে পালিয়ে যাবে। সে দেশ ছেড়ে আজ-কালের মধ্যে পালিয়ে যাবে। সেজন্য দ্রুততার সঙ্গে গতকাল রাতে আমি থানায় গিয়েছিলাম।