
নিউজ ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আশা প্রকাশ করে বলেছেন, আগামীর কৃষি হবে আরও সমৃদ্ধ। টেকসই কৃষি অগ্রযাত্রার মাধ্যমে কৃষিতে নতুন দ্বার উন্মোচিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী স্মরণে মুজিবনগরে গ্রামীণ কৃষকদের সমন্বয়ে চলছে মুজিব জন্মোৎসব। এ উপলক্ষ্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প দিনব্যাপী কৃষক সমাবেশ ও তিন দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করেছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে এ কৃষক সমাবেশ ও মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে কৃষকদের জীবনমান অনেক উন্নত হয়েছে। শেখ হাসিনার সরকার প্রতিবছর কৃষকদের জন্য অনেক ভর্তুকি দিচ্ছে। কৃষকদের বীজ, সার থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ে কৃষি সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছে, আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে, কৃষিখাতে আধুনিকায়ণে বর্তমান সরকারের বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে।