
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন ডলারের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফায়েড চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোম্পানি মেটা। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের পাশে এখন ব্লু ব্যাজ যুক্ত করতে পারছেন অর্থ খরচ করেই। শনিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংবাদ ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।একই তথ্য জানিয়েয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিত সংবাদমাধ্যম সিএনএন বিজনেস।
সিএনএন বলছে, শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে এ কর্মসূচি শুরু করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রাম নেটওয়ার্কের মার্কিন ব্যবহারকারীদের জন্য পেইড ভেরিফায়েড কর্মসূচি পরীক্ষামূলক শুরু করা হয়েছে।আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশিসংখ্যক মার্কিন ব্যবহারকারীর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হবে। মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ইনস্টাগ্রামে এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছেন।অবশ্য অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফায়েড করা যাবে বলে আগেই ঘোষণা দিয়েছিলেন জুকারবার্গ।