
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন বাঙালির হাজার বছরের ইতিহাসে অনেক বাঙালি নেতা স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, কিন্তু কেউ সফলতা পাননি। ১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন বিধায় বাঙালি জাতিসত্ত্বার জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) রাতে রাঙ্গুনিয়া সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে এটিএন বাংলা আয়োজিত জয়বাংলা কনসার্র্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এই বঙ্গে যারা রাজত্ব করেছে তাদের বিরুদ্ধে এই দেশের যারা বিদ্রোহ করেছেন স্বাধীনতা চেয়েছেন, তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পলে পলে আন্দোলিত করেন বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর এই স্লোগানে। এবং তাঁর নেতৃত্বে এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। সেই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আজকের এই দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।