
নিউজ ডেস্কঃ আগরতলায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন। শুক্রবার (১৭ মার্চ) এ উপলক্ষের পাশাপাশি পালিত হয় জাতীয় শিশু দিবসও। বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। ত্রিপুরার রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠান দুটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন উপস্থিতরা, এরপর বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরাষ্ট্রপ্রতিমন্ত্রীর লিখিত বাণী পাঠ করা হয়। তারপর জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার ওপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। স্থানীয় এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন। তিনটি বিভাগে শতাধিক শিশু এতে অংশ নেয়।