
নিউজ ডেস্কঃ এ বছর ঈদ-উল-ফিতরের পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাহাংগীর আলম। বুধবার (১৫ মার্চ) ১৬ তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাহাংগীর আলম। তিনি বলেন, প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে। ঈদের (ঈদ-উল-ফিতর) পর আবুধাবিতে টিম পাঠিয়ে কার্যক্রম শুরু করবো। প্রত্যেক ব্যক্তি (যারা এনআইডি চান) দূতাবাসে আউটসোর্সিংয়ের লোকবলের কাছে এসে তথ্য দেবেন।
তাদের তথ্য অনলাইনে আমাদের সংশ্লিষ্ট এলাকায়, উপজেলা বা থানা কর্মকর্তার কাছে চলে যাবে। কর্মকর্তারা তথ্য যাচাই বাছাই করে সত্যতা পেলে নিশ্চিত করবেন। তারপর ফিঙ্গার প্রিন্ট ও অন্যান্য জিনিস নেওয়া হবে। তারপর এখান থেকে স্মার্টকার্ড তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠাবো। সংশ্লিষ্ট ব্যক্তি সেটি নেবেন। সিস্টেমে ওকে হয়ে গেলে তিনি নিজের মোবাইল নম্বরে মেসেজ পাবেন। তখন তিনি সেটি প্রিন্ট করে নিতে পারবেন।