
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব শুধু আইটিতে (তথ্যপ্রযুক্তি) নয়, শিক্ষা, কৃষি, অর্থনীতি, সব জায়গায় প্রভাব ফেলবে। এটিই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, এই সম্মেলন সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। বুধবার (১৫ মার্চ) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে চতুর্থ শিল্প বিপ্লবে দক্ষতা শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জাতির জনকের স্বপ্ন ছিল উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তার দেখানো পথ ধরে এগিয়ে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নের দেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন।
২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নীত হয়েছে। প্রযুক্তিগত পরিবর্তনের ফলে দেশ নতুন পৃথিবীতে যুক্ত হয়েছে। তিনি বলেন, আমি অভিভূত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে। আমি সবাইকে নিজেদের উন্নয়নে নতুন-নতুন উদ্ভাবনে মনোযোগী হতে বলব। আশা করি একসঙ্গে আমরা এই চ্যালেঞ্জ উতরে যেতে পারব।