
নিউজ ডেস্কঃ আসন্ন রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত ভার্চু্যয়াল সভায় এ নির্দেশনা দেন অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। সভায় জানুয়ারি মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।সভায় সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগিয়ে কোনো গোষ্ঠী যাতে কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। রমজানের প্রয়োজনীয় পণ্য পরিবহন নিশ্চিত করতে চাঁদাবাজি প্রতিরোধে জেলা ও হাইওয়ে পুলিশকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।