
নিউজ ডেস্কঃ বাংলাদেশের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে আরও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এডিবির প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়ার নেতৃত্বে ব্যাংকটির সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামোর ওপর জোর দিচ্ছে।
এ সময় তিনি বিভিন্ন প্রকল্পে, প্রধানত, স্কুলের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল সম্পর্কিত কর্মসূচির কথা তুলে ধরেন। এই উদ্যোগগুলোতে এডিবিকে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় বাংলাদেশ থেকে এডিবির একজন সহ-সভাপতি বাছাই করারও আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী । এই আঞ্চলিক উন্নয়ন ব্যাংককে সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য, বিশেষ করে দুঃসময়ে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান শেখ হাসিনা। এডিবি প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া বলেন, এডিবি একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কাজ করছে।