
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে লেগুনার শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিন শিক্ষার্থীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সংঘর্ষের স্থল চারাবার মোড় ও কুমকুমারি বাজার এলাকায় গিয়ে দোকানপাট খুলতে দেখা গেছে। তবে পরিস্থিতি থমথমে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের কুমকুমারি ও চারাবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে সোমবার (১৩ মার্চ) দিনগত রাত ৮টার দিকে ওই দুই এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এলাকাবাসীর। এতে দুই পুলিশ সদস্য, সাত শিক্ষার্থী ও ছয় এলাকাবাসী আহত হয়েছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।