
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর অন্য কোনো পদে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি পদের মর্যাদা সবার রাখা উচিত বলেও তিনি মনে করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি দেশের রাষ্ট্রপতি হওয়ার পরে যত লোভনীয় কিছু হোক না কেন সেখানে তার কোনো অবস্থাতেই যাওয়া ঠিক নয়। এটা করা হলে তা দেশের মানুষকে অপমান করা হবে। বেইজ্জতি করা হবে।
দেশের মানুষের সম্মান ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে অবসরের পর আমি যাবো না। রোববার (১২ মার্চ) রাতে বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা বলেন। আগামী ২৩ এপ্রিল আব্দুল হামিদের রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ হবে। বিদায়ী রাষ্ট্রপতি এ সময় গণমাধ্যমকর্মীদের সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করেন। এ সময় তিনি অবসরের পর নিকুঞ্জের বাড়িতে থাকবেন বলেও আভাস দেন। সেখানে তিনি সাংবাদিকদের বেড়াতে যাওয়ারও আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি হিসেবে তিনি আর মাত্র ৪২ দিন আছেন বলেও জানান।