
নিউজ ডেস্কঃ ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ তপু ও সাধারণ সম্পাদক রবিউল হক রবিনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ । আজ বিকেলে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন বহির্ভুত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ।
এর আগে, আজ দুপুরে ফেনী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকে কেন্দ্র করে শহরের কলেজ রোডে ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ।
এ ঘটনায় পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পিটুসহ কয়েকজন কর্মী অপর পক্ষের হামলায় আহত হন। তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩দিনের মধ্যে সংগঠন বরাবরে এ ঘটনার যথাযথ কারণ দর্শাতে ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তপু ও সাধারণ সম্পাদক রবিনকে নির্দেশ দেওয়া হয়েছে ।