
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, আমাদের যে প্রতিপক্ষ বিএনপি-জামাত তারা কিন্তু বাংলাদেশ বিশ্বাস করেনা। তাদের রাজনীতি হচ্ছে হত্যার রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে মিথ্যার রাজনীতি। হত্যা ও মিথ্যা দিয়েই তারা দল তৈরি করে রাজনীতি করে যাচ্ছে। ২০১৪ সালে নির্বাচনে তাদের নেতা খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে অগ্নিসন্ত্রাস করেছিল। এ সহিংসতা তারা সব সময় করে যাচ্ছে।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান, এরশাদের শাসনামলে দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি ও মিসকিনের দেশ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি নেতাদের এক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্ত করে দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।