
নিউজ ডেস্কঃ বর্তমান জনসম্মতিহীন কর্তৃত্ববাদী সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে এমন অভিযােগ করে জোনায়েদ সাকি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন জ্বলছে। শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষ হাস-ফাঁস করছে। মানুষের হাতে টাকা নেই কিন্তু বাজারদর বাড়ছে প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে না সিন্ডিকেটই সরকারকে নিয়ন্ত্রণ করছে তা নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টার সময় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলন, ঢাকা জেলার ১ম সম্মেলনের উদ্বোধনী সমাবেশ এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি আরও বলেন, অন্যদিকে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আদানি গ্রুপের সঙ্গে অবৈধ বিদ্যুৎ আমদানির চুক্তি করছে। যা ২০১৮ সালের নির্বাচনের পর ভারতের সমর্থন পাবার জন্যই করা হয়েছে বলে জনগণ মনে করে। এ ধরণের কর্তৃত্ববাদী সরকার সামনের নির্বাচনেও জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায় কিন্তু সে সুযোগ তাদের আর জনগণ দেবে না। আমরা জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে যুগপৎ আন্দোলন করছি। এ লড়াইয়ের মধ্য দিয়েই বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবো আমরা। সবাইকে সেই লড়াইয়ে আরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাই।