
নিউজ ডেস্কঃ সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে চট্টগ্রামের উন্নয়নে চলমান ব্যাপক কার্যক্রম ব্যাহত হচ্ছে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র বলেন, চট্টগ্রামে জলাবদ্ধতা, মশার উপদ্রব, যানজটসহ সব সমস্যা সমাধানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব।
সিডিএ জলাবদ্ধতা নিরসনসহ যে প্রকল্পগুলো করছে তা দ্রুত শেষ না হওয়ায় একদিকে যানজট বাড়ছে অন্যদিকে প্রকল্পগুলোতে জমে থাকা পানিতে বাড়ছে মশা। আবার, ওয়াসা হাটহাজারী সড়কসহ যত্রতত্র খনন করে রাস্তা নষ্ট করে ফেলছে। অন্যদিকে চসিক উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর পুলিশ সেখানে মনিটরিং না করায় আবারো দখল হয়ে যাচ্ছে উদ্ধারকৃত ভূমি। ‘সম্প্রতি কোরিয়া ভ্রমণ করে দেখেছি সেখানে নগর মেয়র সিটি গভর্নমেন্টের সর্বেসর্বা হওয়ায় সেবা সংস্থাগুলোর কাজে সমন্বয় আছে। ফলে, উন্নয়ন প্রকল্পের সর্বোচ্চ সুফল ঘরে তুলতে পারছে তারা। চট্টগ্রামেও যদি সিটি করপোরেশন এভাবে শক্তিশালী করা যায় তাহলে উন্নয়ন প্রকল্পগুলোর সর্বোচ্চ সুফল ঘরে তোলা সম্ভব।’