
নিউজ ডেস্কঃ ফুলবাড়িয়ার সিদ্দিক বাজারে বিস্ফোরণ হওয়া কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনের নথি ঘটনার তিন দিন পরও খুঁজে পায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) তন্ময় দাশ বলেছেন, নথির খোঁজ করা হচ্ছে।পাওয়া গেলে বোঝা যাবে ভবনটির কয়তলার অনুমোদন ছিল।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজউকের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তন্ময় দাশ। তিনি বলেন, অনেক পুরনো এই ভবনের নথি ম্যানুয়ালভাবে রাখা। বুধবার (৮ মার্চ) শবে বরাতের ছুটি থাকায় নথি খুঁজতে দেরি হয়েছে। কয়তলার অনুমতি ছিল সেটা নথি দেখলে জানা যাবে। দুর্ঘটনার ৩ দিন পার হলেও কেন নথি পাওয়া যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে তন্ময় বলেন, ২০১৯ সালের মে মাস থেকে রাজউকে নতুন নকশাগুলো ডিজিটালাইজড করা হয়েছে। আগের নথিগুলোরও সফটকপি তৈরি করা হচ্ছে।