
নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে। জালগুলোর আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। এসময় তাদের কাছ থেকে পৌনে চার লাখ মিটার জাল এবং ১১০ কেজি মাছ এবং একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
মৎস্য প্রশাসন জানায়, বুধবার (৮ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার অংশে যৌথ অভিযান চালায় মজুচৌধুরীর হাট কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং জেলা ও উপজেলা মৎস্য বিভাগ। এসময় জয়নাল (৫৫), মনির হোসেন (২০) ও জামাল হোসেন নামে তিন জেলেকে আটক করা হয়। তাদের বাড়ি উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী মোহন গ্রামে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জামাল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুই জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। মজুচৌধুরীর হাট ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয় জালগুলো। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের ও কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এস আসলামুল হক।