
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জ্ঞান ও তথ্যই শক্তি। নারীদের সঠিক তথ্য জেনে নিজেদের আত্মবিশ্বাসী হতে হবে। তথ্যপ্রযুক্তিতে কোনো নারীই যেন পিছিয়ে না যায়। নারীদের যথাযথ জ্ঞান অর্জন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। বুধবার ( ৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ডিজিটঅল : ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইক্যুয়ালিটি’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)। সেমিনারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম এবং নারী ক্ষমতায়নের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। লিঙ্গ সমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব। নারী সাংবাদিকরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছেন। এ সময় স্পিকার নারী সাংবাদিকদের ককাস গঠন করে কর্মক্ষেত্রের সমস্যা সমাধানে একযোগে কাজ করার আহ্বান জানান।