
নিউজ ডেস্ক: দুবাই থেকে পাঠানো পোস্টাল পার্সেলের ৭ হাজার ৪০০ পিস নকল ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের পার্সেল থেকে ওই ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, চোরাকারবারিরা অনলাইনে ক্রয়-বিক্রয়ের জন্য কুরিয়ার ও পোস্টাল সার্ভিস ব্যবহার করে। এজন্য আজ বৃহস্পতিবার থেকে সকল সার্ভিসের উপর তদন্ত অধিদফতরের অভিযান শুরু হয়েছে।
শুল্ক গোয়েন্দার এক কর্মকর্তা বলেন, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তসলিমের নামে দুবাই থেকে ৩০ কেজি ওজনের পার্সেল আসে। এরপর শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তল্লাশির এক পর্যায়ে এই নকল ভায়াগ্রা জব্দ করে। আর এগুলো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তসলিমের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি শুল্ক গোয়েন্দার কাছে এতে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি বলেছেন, তিনি এগুলোর প্রকৃত মালিক নন। কে বা কারা তার নাম ব্যবহার করেছেন। এই বিষয়ে তদন্ত চলছে।
আবার অন্যদিকে, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ঝুঁকিপূর্ণ পণ্যের খোঁজে হজরত শাহজালাল বিমানবন্দরের ফ্রেইট ইউনিটের কুরিয়ার শাখায় অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে এ বিশেষ তল্লাশি অভিযান শুরু করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই বিশেষ অভিযানে এশিয়া মহাদেশের প্রায় ৩৩টি দেশ থেকে আসা পার্সেলগুলোয় ঝুঁকিপূর্ণ পণ্যের খোঁজে র্যাবের ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি করা হচ্ছে।