
নিউজ ডেস্কঃ প্রবাসীদের নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ অপরাধে জড়ালে দায়-দায়িত্ব নেব না, উদ্ধার করব না। মঙ্গলবার (০৭ মার্চ) স্থানীয় সময় রাতে দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুলে কাতার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের বলেন, যে দেশে থাকবেন, সে দেশের আইন মেনে চলতে হবে। কেউ যদি আইন ভঙ্গ করেন বা কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তার দায়-দায়িত্ব কিন্তু আমরা নেব না, কেউ নেবে না। তিনি বলেন, কাতারে অপরাধ করলে কাতারের আইনে বিচার হবে বা যে দেশে থাকবেন, সে দেশের আইন অনুযায়ী বিচার হবে। এ বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে।কারো কারো জন্য দেশের অন্য মানুষগুলো কিন্তু কষ্ট পায়, তাদের বিপদ হয়। স্পষ্ট জানিয়ে দিতে চাই, বিদেশে অপরাধ করলে দায়-দায়িত্ব সরকার নেবে না। উদ্ধার করার চেষ্টা করব না। কারণ আমাদের এসব নিয়ে কথা শুনতে হয়, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, যোগ করেন প্রধানমন্ত্রী।