
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিএনপির নূন্যতম চেতনা নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছিল সেই ভাষণ তারা বাংলাদেশে ক্ষমতায় থাকাকালে নিষিদ্ধ করেছিল। কাজে এই দিবসের প্রতি, তথা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের নূন্যতম বিশ্বাস বা চেতনা ধারণ করে সেটা আমরা বিশ্বাস করি না।
৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনের এক ঐতিহাসিক মাইলফলক। রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার ডাক। তিনি আরও বলেন, গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি। গণতন্ত্র একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। রাতা রাতি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ পাবে না। আমাদের চেষ্টা আছে। গণতন্ত্র ক্রমে ক্রমে প্রাতিষ্ঠানিক রুপ পাচ্ছে। যেটুকুই আছে সেটা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।