
নিউজ ডেস্কঃ রাজনীতির মাঠ সব দলের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, রাজনৈতিক মাঠ সবার জন্য উন্মুক্ত আছে বলেই সব দল সভা সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ বিশ্বাস করে না ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার। পেশি শক্তি ও বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ সবসময়ই বিশ্বাস করে জনগণেই তার মূল শক্তি। জনগণের ভোট-ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।
শনিবার (৪ মার্চ) দুপুরে যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়ের ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চারতলা বিশিষ্ট আধুনিক পুলিশ সুপারের কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার যেভাবে সন্ত্রাসী কার্যক্রমকে দমন বা নিয়ন্ত্রণ করছে তা আজ বিশ্বব্যাপী প্রশংসিত। আইনশৃঙ্খলা বাহিনী ও কমিউনিটি পুলিশের সদস্যদের সমন্বয়ে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ সফলভাবে দমন করেছি। পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করেছে সরকার। দেশের থানাগুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশের দক্ষতা বাড়াতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে।