
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলছেন, বিএনপির নেতা মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন, রাজনীতি করবেন না, বাংলাদেশে কখনো আসবেন না। বিদেশে পালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছেন। তিনি বলেন, অর্থাৎ তারা (বিএনপি) দেউলিয়া হয়ে গিয়েছে। দেউলিয়া হয়ে যাওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায়। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। তারা নিজেরাও জানে না, তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাছিম বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত দল ভীত হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ান না, বীরের মতো সংগ্রাম করেন। তারা অতীতে কারো কাছে মাথা নত করেননি।