
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩ মার্চ) ভোর ৬টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচের মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালক, পথচারী ও পুলিশ কর্মকর্তাদের ওপর একটি পিকআপ ভ্যান উঠে যায়। এতে অটোরিকশা চালক আকবরসহ (৪০) যাত্রাবাড়ী থানা থেকে সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা এসআই আজহারুল ও এসআই বাশার, পথচারী হাসান (৩৭) ও সোহেল (৩৫) আহত হোন।তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পথচারী হাসান।