
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকার তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে। গাছপালা না থাকায় তাপমাত্রার অনুভূত হয় অনেক বেশি। ঢাকাকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে ডা. ফজলে রাব্বি পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ-কোরিয়া বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির উদ্যোগে গুলশানে ডা. ফজলে রাব্বি পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গাছ পরিবেশের অপরিহার্য উপাদান। অথচ ঢাকা শহরে গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ঢাকা শহরে যে অল্পকিছু গাছ আছে সেগুলোও কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে।