
নিউজ ডেস্কঃ বাংলাদেশের পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে। পর্যটনের উপাদান সাগর, নদী, পাহাড়, বন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবই আছে আমাদের। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন খাতের ভূমিকা অনস্বীকার্য। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যটন সহায়ক শক্তির ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার (০২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, পর্যটনের কার্যকর উন্নয়ন দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪ সালে উন্নয়নশীল বাংলাদেশ, ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পর্যটনের যথাযথ গুরুত্ব অনুধাবন করে অগ্রাধিকারের ভিত্তিতে এই শিল্পের প্রসারে কাজ করছে। পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পর্যটন মহা-পরিকল্পনা প্রণয়ন হচ্ছে। এর ফলে পর্যটনের পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে।