
নিউজ ডেস্কঃ করোনা, ডেঙ্গুর পরে কলকাতায় শিশুদের মধ্যে মহামারি আকার ধারণ করেছে অ্যাডিনো ভাইরাস। এ কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। চলতি মৌসুমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বুধবার (১ মার্চ) পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে কলকাতার 'মেডিকেল কলেজ' এ এখনও পর্যন্ত ১৫ জন শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। অপরগুলো শিশু হাসপাতাল 'বিসি রায় হাসপাতাল' এ শেষ খবর অনুযায়ী এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জন শিশুর।
এছাড়াও, কলকাতার পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ৫ জন, পিয়ারলেস হাসপাতালে ২ জন, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ২ শিশুর মৃত্যু হল। বর্ধমান মেডিকেলের তরফ থেকে জানানো হয়েছে, শিশু বিভাগে ১২০টির ওপর বেড রয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে ৯৯ জন। এদের অনেকেরই জ্বর, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন গড়ে ১৯-২০ জন শিশু ভর্তি হচ্ছে। শহর থেকে জেলা, কোথাও কোনো হাসপাতালে শিশুরোগ বিভাগের সাধারণ শয্যা থেকে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট (পিকু) ফাঁকা নেই। অবস্থা এতই ভয়াবহ যে, খালি থাকছে না লাইভ সাপোর্টের যন্ত্র 'ভেন্টিলেটর'।